কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস মাঠে আজ মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় চার বিভাগের ১০টি ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আব্দুস সালাম আকন্দ, রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন এবং সব বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে খেলা দেখতে মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য যায়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. হাবীবুর রহমান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সুস্থ ধারার ক্রীড়াচর্চা তরুণ সমাজকে গঠনমূলক কাজে অনুপ্রাণিত করে এবং শিক্ষাঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করে।’
নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।
আয়োজকদের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা ও সাধারণ সম্পাদক জাহিদুল আবেদীন নাফছি বলেন, আরাফাত রহমান কোকো তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেন। তাঁর সেই আদর্শ সামনে রেখেই শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুসংগঠিত ঐক্য গড়ে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মধ্য দিয়ে মাদকমুক্ত ও প্রাণবন্ত এক ক্যাম্পাস গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।