হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ডিসেম্বর নয়! বুকের পাটা থাকলে এখনই আসেন, দেখতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জেলা বিএনপির মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হবে এবং এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না।

আজ বুধবার দুপুরে জেলা শহরের আখড়া বাজার ব্রিজসংলগ্ন চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ডিসেম্বর নয়! বুকের পাটা থাকলে এখনই আসেন। দেখতে চাই। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন। আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি, আমরা জনগণের ভোটের অধিকার ফেরত দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষকে ভোটের অধিকার ফেরত দিয়েছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এই ভোটের অধিকার নষ্ট করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই ফ্যাসিবাদী চক্র পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র তাদের সফল হতে পারবে না।’

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার ও দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। জনগণকে নিয়ে বিএনপি গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা মনে করছেন দুটি বাস পুড়িয়ে আর একটি ককটেল ফুটিয়ে জনগণকে ভয় দেখাতে পারবেন। আপনাদের সাবধান করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জনগণকে নিয়ে আপনাদের যেভাবে দেশ থেকে তাড়িয়েছে, যেই দুই-একজন আছেন, প্রয়োজনে তাঁদেরকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।’

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন। প্রস্তুত আছি, আপনাদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার করতে। সেই বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এই মুহূর্তে বিচারের আওতায় আসেন আপনারা।’

সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর মোল্লা ও ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও নাজমুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদসহ অন্যরা।

এর আগে জেলা শহরের রথখলা ময়দান থেকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মিছিল বের করে কিশোরগঞ্জ জেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার ব্রিজসংলগ্ন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।