বন্ধুকে গ্রিসে পাঠাতে ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন আল আমিন রাফি (৩০)। কথা ছিল, বিদেশে গিয়ে টাকা ফেরত দেবেন বন্ধু। কিন্তু দীর্ঘদিনেও সেই টাকা ফেরত না পাওয়ায় ঋণের বোঝা ও আর্থিক সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। এর মধ্যেই নিজের বিউটি পারলারে মিলল তাঁর মরদেহ।
আজ শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে আবু বক্কর ভিলায় অবস্থিত পারফেক্ট বিউটি পারলার থেকে রাফির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রাফি নরসিংদীর বেলাব উপজেলার প্রয়াত আলাউদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে মাকে নিয়ে কুলিয়ারচরের ফরিদপুর এলাকায় বসবাস করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপম্যান হিসেবে কাজ করতেন রাফি। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে পারফেক্ট বিউটি পারলার প্রতিষ্ঠা করেন। সেখানে কয়েকজন নারীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজেই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন।
পারলারের কর্মী বৃষ্টি বেগম জানান, এক বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করেছিলেন রাফি। পরে পাওনা টাকা ফেরত চেয়ে বন্ধুকে প্রায়ই ফোন করতেন। রাফির সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তিনি জানেন না। তবে দেনা-পাওনা ও আর্থিক সংকট নিয়ে তাঁকে প্রায়ই উদ্বিগ্ন থাকতে দেখেছেন।
রাফির বোন রোহেনা আক্তারের অভিযোগ, নরসিংদীর বেলাব উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে গ্রিসে পাঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন তাঁর ভাই। বর্তমানে নাঈম গ্রিসে অবস্থান করছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পাওনা টাকা ফেরত চেয়ে নাঈমকে ফোন করেছিলেন রাফি। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে দেনা ও আর্থিক চাপের বিষয়টি সামনে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত রাফির পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।