হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

ছবি: ভিডিও থেকে নেওয়া

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেন। তাঁর বাড়ি উপজেলার তাতারকান্দি মহল্লায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুরের শান্তি মোড় এলাকায় একটি মিছিল হয়। বাদীর অভিযোগ, ওই দিন দুপুরে লক্ষ্মীপুর ফকিরপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তিনি মিছিলটি দেখতে পান। মিছিলকারীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নামে বিভিন্ন স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি শান্তি মোড় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

মামলায় নাম উল্লেখ করা ১৫ আসামি হলেন খাইরুল (২৮), আবু বাক্কার (৫০), মারুফ (২৪), কামাল (২৫), ছোটন (২৫), পাভেল (২৬), মুস্তাকিন (২৬), আনু মিয়া (২৫), মুরাদ (২৪), অনিক (২৫), সাদেক (২৬), রাকিব (৩২), রাহুল (২৮), মাসুম (৩৫) ও বাবলু (২৫)। এজাহারে তাঁদের সবার ঠিকানা কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়া এলাকায় উল্লেখ করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।