হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিকলীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাছুম আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কাছুম আলী ছাতিরচর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মনর উদ্দিনের ছেলে। আহতরা হলেন স্থানীয় রমিজ মেম্বার ও হিরু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতিরচর দক্ষিণপাড়া গ্রামের জুম্মনের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র ঘোড়াউত্রা নদীর সরফিকান্দা এলাকা থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে কাছুম আলী, রমিজ মেম্বারসহ স্থানীয় কয়েকজন আপত্তি জানিয়ে আসছিলেন। এর জেরে শনিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে কাছুম আলী গুরুতর অসুস্থ হয়ে পড়ে গেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের দফাদার নাজমুল ইসলাম বলেন, ‘কাছুম আলী ও রমিজ মেম্বার অবৈধ বালু উত্তোলনে বাধা দিয়েছিলেন। পরে রাতে তাঁদের ওপর হামলা হয়। এতে কাছুম আলী মারা যান এবং আরও দুজন আহত হন।’

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেহানা মজুমদার মুক্তির সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মিঠামইনে বিএনপি নেতা হত্যা: ৩ ভাড়াটে খুনিসহ ৫ জনের ৫ দিনের রিমান্ড

পাকুন্দিয়ায় মাদক সেবন করে মা-বাবাকে নির্যাতন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঢাকা থেকে এসেছিল ভাড়াটে খুনিরা, চাপাতিসহ ৩ জন গ্রেপ্তার

প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন শিক্ষার্থীর মা

কিশোরগঞ্জে মসজিদের সিলিং ফ্যান চুরির ঘটনায় ক্রেতাসহ ২ জন গ্রেপ্তার

হাওরের ডাকাতদের তালিকা আছে, অভিযান চালিয়ে ধরুন: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

‘খুন হওয়া’ যুবক দুই বছর পর জীবিত উদ্ধার, হত্যা মামলায় জেল খাটা ঠিকাদারের ক্ষোভ

কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, মাঝহাওরে ডাকাতের কবলে সর্বস্ব হারালেন