হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সওজের জায়গা দখল করে সাবেক ছাত্রদল নেতাদের দোকান নির্মাণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সওজের জায়গা দখল করে এসব দোকানঘর নির্মাণ ও ভাড়া দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের গার্লস স্কুল মোড়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের দুই সাবেক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হৃদয় হাসান ও সাবেক সভাপতি খায়রুল ইসলাম।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস ধরে সড়কের পাশের জায়গা দখল করে আটটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর ব্যবসাপ্রতিষ্ঠান ও গুদাম হিসেবে ভাড়া দেওয়ার প্রক্রিয়া চলছে। সড়কের প্রতিরক্ষা দেয়াল ঘেঁষে ও একটি স্থানীয় মসজিদের পুকুরপাড়ে এসব স্থাপনা তোলায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া আরসিসি প্রতিরক্ষা দেয়াল ভেঙে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

​এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে জাহিদুল ইসলাম লিটন নামের এক ব্যক্তি গত ৩০ এপ্রিল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সওজের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ওই স্থানে অবৈধ স্থাপনা গড়ে উঠলে সড়কের দেয়ালে ফাটল দেখা দেয়। পরে সওজ বিভাগ ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে সব উচ্ছেদ করেছিল। কিন্তু ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আবারও টিনের ঘর তুলে জায়গাটি দখলে নেওয়া হয়েছে। একসময়ের পথচারীদের বিশ্রামের বেঞ্চ ও পানি পানের টিউবওয়েল সরিয়ে এখন সেখানে দোকান বসানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দখল করা একটি ঘরে হৃদয় হাসান নিজের ব্যক্তিগত কার্যালয় বানিয়েছেন। অন্য ঘরগুলো অগ্রিম এক লাখ টাকা জামানত ও মাসিক তিন হাজার টাকা ভাড়ায় বরাদ্দ দেওয়া হচ্ছে। যদিও এসব টাকা মসজিদের নামে তোলা হচ্ছে বলে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হেলিম তালুকদার জানান, সরকারি জায়গা দখলের বিষয়টি তাঁর কানেও এসেছে। তবে কে বা কারা দখল করেছেন, তা বিস্তারিতভাবে তিনি জানেন না। তিনি বলেন, ‘এখানে ছাত্রদলের সাবেক দুই নেতা খাইরুল ও হৃদয়ের নাম এসেছে। তবে বর্তমানে তারা কোনো পদ-পদবিতে নেই। আমার দলের কেউ জড়িত থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু জানান, ওই জায়গায় আগে ঘর ছিল, এখন আবার কিছু ঘর উঠেছে। এটি অবৈধ দখল বলে তিনি মন্তব্য করেন। তবে এ দখলে তাঁদের ছাত্রসংগঠনের কেউ জড়িত কি না, তা তাঁর জানা নেই।

বদরুল মোমেন মিঠু বলেন, ‘যদি কেউ দখল করে থাকে, আমি অবশ্যই দখলবাজদের বিরুদ্ধে। যে বা যারাই করুক, উচ্ছেদের পক্ষে আমি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হৃদয় হাসান বলেন, দোকানপাট সড়কের জায়গায় নির্মাণ করা হয়নি, এটি মসজিদের জায়গায় করা হয়েছে। তিনি দাবি করেন, দোকানপাট নির্মাণের সঙ্গে তিনি সরাসরি যুক্ত নন। মসজিদ কমিটির লোকজনই এসব নির্মাণ করেছেন।

হৃদয় হাসান আরও বলেন, মসজিদ কমিটির সভাপতি ইউএনও। তিনি প্রথমে দোকান নির্মাণে বাধা দিয়েছিলেন। পরে কাগজপত্র যাচাই করে তিনি নির্মাণের অনুমতি দেন।

হৃদয় বলেন, ‘আমি এলাকার ছেলে হিসেবে তাদের সহযোগিতা করেছি। তবে যদি এটি সড়কের জায়গা হয়, তাহলে অবশ্যই ছেড়ে দেওয়া হবে। এটা নিয়ে তোলপাড়ের কিছু নেই।’

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ইউএনও এবং পুকুরপাড় জামে মসজিদের সভাপতি রেহানা মজুমদার মুক্তি বলেন, ‘আমরা মাপজোখ করে দেখেছি—দোকানগুলো পুকুরপাড় ঘেঁষে ওঠানো হয়েছে। এ কারণে দোকানঘর নির্মাণের জন্য একটি রেজল্যুশন দেওয়া হয়েছে। এদিকে সড়ক ও জনপথের রাস্তা রয়েছে। এখন বিষয়টি নিয়ে সওজের সঙ্গে যোগাযোগ করা হবে। সঠিকভাবে মাপজোখ করে বিষয়টি যাচাই করা হবে।’

সওজের কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল জানান, এ বিষয়ে একটি অভিযোগপত্র তাঁর কাছে এসেছে। আগামী দু-এক দিনের মধ্যে সার্ভেয়ার দিয়ে ঘটনাস্থলে মাপজোখ করা হবে। সড়কের জায়গায় যতটুকু অবৈধ স্থাপনা রয়েছে, তা চিহ্নিত করে সরকারি নিয়ম অনুযায়ী উচ্ছেদ করা হবে। এ বিষয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

১৪ বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস: কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২৬ শিশু

‘সব শেষ, চোখ দিয়ে পানিও আসছে না’

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হাওরে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ কার্ড, মিলবে চাল-নগদ টাকা

ধানের খড় রাখা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জে অস্ত্রসহ মাদক কারবারিদের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

কোরবানির ঈদের আগে ৫ গরু চুরি, নিঃস্ব কৃষক