কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক পার হওয়ার সময় অনন্যা সুপার পরিবহনের একটি বাসের ধাক্কায় হামজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে।
নিহত হামজা গজারিয়া এলাকার মো. সুজন ও মর্জিনা বেগমের ছেলে। সে মায়ের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করত।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হামজা মায়ের সঙ্গে ঢাকা থেকে কটিয়াদী আসে। পরে সেখান থেকে অটোরিকশায় করে পিরিজপুরের গজারিয়া বাজারে পৌঁছায় তারা।
অটোরিকশা থেকে নামার পর একাই সড়ক পার হওয়ার চেষ্টা করে হামজা। এ সময় ঢাকা থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জের দিকে আসা অনন্যা সুপার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় বাসটির নম্বর শনাক্ত করেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে কিশোরগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক নবীনূর রহমান মোবাইল ফোনে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাসটিও আটক করা হয়েছে।