হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিহত রাসেল। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা ৫ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে রাসেল (৩৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর গ্রামের সাইকুল নামের এক ব্যক্তি রাসেলের কাছে ৫ হাজার টাকা পেতেন। টাকা ফেরত দিতে অনেকদিন ধরেই গড়িমসি করছিলেন রাসেল। ক্ষুব্ধ হয়ে সাইকুল আজ সকালে পাওনা টাকার দাবিতে রাসেলকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। এ সময় রাসেল টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইকুল, মামুন, সুমনসহ বেশ কয়েকজন মিলে তাঁকে বেধড়ক মারধর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেলের বিরুদ্ধে তাঁর স্ত্রীর দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বিষয়টি অভিযুক্ত সাইকুল জানতেন। রাসেলকে মারধরের পর সাইকুল নিজেই পুলিশে খবর দেন।

পরে পুলিশ এসে রাসেলকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা শিল্পী আক্তার বলেন, ‘মাত্র পাঁচ হাজার টাকার জন্য ওরা আমার বাজানরে ধইরা নিয়া এভাবে মাইরা ফেলল? আমার পোলা তো চোর-ডাকাত আছিল না। টাকাটা দিতে একটু সময় চাইছিল, এইটাই কি তার অপরাধ? আমি খুনি সাইকুল, মামুন আর সুমনের ফাঁসি চাই।’

করিমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, রাসেল মিয়াকে গুরুতর অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, পাওনা টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় রাসেলকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল জেনে প্রতিপক্ষ পুলিশকে খবর দিয়েছিল বলেও জানান তিনি।

করিমগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন

নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ

হাওরাঞ্চলে মাছ শিকার: নিষেধাজ্ঞা মানছেন না হাওরের জেলেরা

মৎস্য প্রজনন মৌসুমে হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা

কাঁঠাল নিয়ে বিরোধ: ছেলের মারধরে বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ

তিন ভাই তিন দলের নেতা, কিশোরগঞ্জে রাজনৈতিক সুবিধাবাদ নিয়ে আলোচনা-সমালোচনা

নানার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মিঠামইনে নৌকায় ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

গ্যাস সিলিন্ডার লিকেজে ভৈরবে গ্যারেজে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি দাবি