হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সালিশ বৈঠকে চেয়ারম্যানের সামনেই বর্তমান ও সাবেক মেম্বারের অনুসারীদের সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি

সালিশ বৈঠকে চেয়ারম্যানের সামনেই বর্তমান ও সাবেক মেম্বারের অনুসারীদের সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসায় শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গ্রামে সালিশের উদ্যোগ নেন।

সালিশ শুরু হওয়ার আগেই গ্রামের সামনের একটি মাঠে দুই পক্ষের লোকজন দা, বল্লম ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিরসনে আমরা সালিশে বসেছিলাম। কিন্তু আমাদের উপস্থিতির তোয়াক্কা না করেই হঠাৎ মাঠে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ থামানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।