হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

চুরি-ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তাঁরা

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

আটক পাঁচজনকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

‎মসজিদের পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করাই ছিল তাঁদের প্রধান কাজ। মাঝে মাঝে সড়কে ডাকাতিও করতেন। আর এ উদ্দেশ্যেই বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। দিনের বেলায় বাসার দরজা বন্ধ করে ঘুম আর রাত হলেই তালা ঝুলিয়ে বেরিয়ে পড়া। এমন সন্দেহজনক কর্মকাণ্ডে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের নজরে আসেন পাঁচজন। পরে তাঁদের ভাড়া বাসা ঘেরাও করে পুলিশে খবর দেন এলাকাবাসী। এ সময় তাঁদের কাছ থেকে আট পিস ইয়াবাসহ চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত দা, কুড়াল, ছুরি, হাতুড়ি, কাটার, স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ‎

আজ মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ডাকাতি প্রস্তুতি ও মাদকের দুটি পৃথক মামলা শেষে কিশোরগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।‎

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত কাজল মিয়ার ছেলে মো. রামিম ওরফে ইমন (২৫) ও মো. রাফি (২৩)। একই উপজেলার জগন্নাথপুর (লক্ষ্মীপুর) এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. আলমগীর (৩০), ভৈরবের কমলপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে বাবু হাসান (১৯) ও নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে ইয়াছিন (২৭)।‎

জানা যায়, কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পশ্চিমপাড়ায় মো. জাহেদ আলীর টিনশেড ভবনে কয়েক দিন আগে বাসা ভাড়া নেন এই পাঁচজন। ‎তাঁদের অস্বাভাবিক জীবনযাপন ও চলাফেরা স্থানীয় বাসিন্দাদের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। একপর্যায়ে গতকাল সোমবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা তাঁদের ভাড়া বাসাটি ঘেরাও করে পুলিশে খবর দেন। পরে কুলিয়ারচর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

‎

‎রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু মিয়া মোবাইল ফোনে জানান, স্থানীয় জনসাধারণ তাঁদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁদের কাছ থেকে আট পিস ইয়াবাসহ চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।‎

‎কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কুলিয়ারচর থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য-সংক্রান্ত পৃথক দুটি মামলা করা হয়েছে।