খুলনা নগরীতে মো. মনজুরুল ইসলাম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে লবণচরা থানার হরিণটানা এলাকায় ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। নিহত মনজুরুল পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, লবণচরা থানার হরিণটানার ৮০ বিঘা এলাকায় বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র একটি পক্ষের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে তাঁকে ৮০ বিঘা কালভার্টের কাছে পেয়ে ওই পক্ষ তাঁর পেটে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাঁর বাম পায়ে গুলি করে।
স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বজনেরা জানান, মনজুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। আজ তিনি কাজে যাননি। এলাকায় ভালো ছেলে হিসেবে তাঁর পরিচিতি ছিল। তাঁর সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ৮০ বিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, মৃত যুবকের বাবা একজন স্যানিটারি মিস্ত্রি। তিনি বাবার সহযোগী হিসেবে কাজ করতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।