খুলনার দাকোপে একটি মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে র্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চালনা আচাভুয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এর প্রায় ৭ ঘণ্টা পর স্থানীয় বিএনপি নেতারা ছিনিয়ে নেওয়া দুই আসামি মুকুন্দ মণ্ডল ও রসুল গাজীকে র্যাবের কাছে সোপর্দ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের বাইরের প্রায় ৪০ বিঘা জমিতে আবদুল্লাহ ফকির, বাবলু সানা ও সাজ্জাদ হোসেন সরদার মাছ চাষ করে আসছেন। সম্প্রতি তাঁদের সঙ্গে খোনা এলাকার মুকুন্দ মণ্ডল, বাচ্চু ফকির ও রসুল গাজী গংয়ের ঘের নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ১৬ মে সন্ধ্যায় বাচ্চু ফকিরের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরটি দখলের চেষ্টা চালায়। এই ঘটনায় গত বৃহস্পতিবার আকরাম আলী ফকির বাদী হয়ে মুকুন্দ মণ্ডল, রসুল গাজীসহ বাচ্চু গংয়ের ১১ জনের বিরুদ্ধে দাকোপ থানায় মামলা করেন।
বাসিন্দারা জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে আব্দুল্লাহর পক্ষের লোকজন মাছ ধরার সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চু ফকিরের নেতৃত্বে সশস্ত্র ২০-২৫ ব্যক্তি ঘেরে হামলা চালান। এ সময় পানখালী গ্রামের জসিম মোল্লা, হাফিজুর মোল্লা, আবু মুসা শেখ, জাফর সরদার ও সাজ্জাদ হোসেন সরদার গুরুতর আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এদিকে দায়ের করা মামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে বাচ্চু ফকিরের লোকজন চালনায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে র্যাব-৬-এর সদস্যরা এজাহারভুক্ত আসামি মুকুন্দ ও রসুলকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের নিয়ে যাওয়ার সময় বাচ্চু ফকিরের সমর্থকেরা র্যাবের গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন র্যাবের গাড়িতে হামলা ও ভাঙচুর করে আসামিদের ছিনিয়ে নেন।
র্যাব-৬-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘ছিনিয়ে নেওয়া দুই আসামিকে সন্ধ্যার আগে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খান, চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেন ও সদস্যসচিব আলামিন সানার নেতৃত্বে ফেরত দেওয়া হয়েছে। পরে তাঁদের স্থানীয় থানায় হস্তান্তর করেছি।’
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।