হোম > সারা দেশ > খুলনা

খুলনায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনার লবণচরায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ ‘বি কোম্পানির’ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি। আজ রোববার বিকেলে পাঠানো র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন পিরোজপুর বালিয়াপাড়া এলাকার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর বকুলতলা এলাকার তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার আমুয়া ব্যাপারীপাড়া এলাকার মৃত আমজাদ ব্যাপারীর ছেলে মো. নান্না ব্যাপারী (৫৭)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে আটক ৩ নম্বর আসামি নান্না ব্যাপারীর বসতঘরে তল্লাশি চালিয়ে ১ নম্বর ও ২ নম্বর আসামির হেফাজতে থাকা দুটি বিদেশি পিস্তল, সাতটি তাজা গুলি এবং ১,৫৩,৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, কেএমপিসহ পিরোজপুর ও বরগুনা জেলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধার আলামতসহ আসামিদের কেএমপি, খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়।