খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরের পাওয়ার হাউস মোড়সংলগ্ন কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মো. আব্দুস সালাম (৪৫)। তিনি সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপর গাড়ির চালক বারেক গাজী পলাতক রয়েছেন।
কেসিসির চালক মো. সাফায়েত হোসেন বলেন, বেলা সোয়া ১১টার কিছু আগে বারেক বাইরে থেকে ময়লার গাড়ি (মিনি ট্রাক) চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন। তিনি সালামকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। জবাবে সালাম উল্টো তাঁকে গাড়িটি সরিয়ে নিতে বলেন।
সাফায়েত হোসেন বলেন, এরপর বারেক গাড়িটি স্টার্ট দিলে সেটি সামনের দিকে এগিয়ে যায়। এ সময় কোনো এক কারণে সালাম ময়লার গাড়ি ও সামনে থাকা একটি ভেকুর (স্কেভেটর) মাঝখানে অবস্থান করছিলেন। দুই গাড়ির মাঝে চাপা পড়ে সালামের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান। তিনি বলেন, নিহত চালকের পরিবার কোনো মামলা করতে চাচ্ছে না। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর থেকে চালক বারেক পলাতক রয়েছেন। তাঁকে পাওয়া গেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামান খান। তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’