হোম > সারা দেশ > খুলনা

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ভাই আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনা মহানগরীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘বি’ কোম্পানির প্রধান রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবু ওরফে নবাবের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া এই অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অভিযানে গ্রেনেড বাবুর ভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করা হয়।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন বলেন, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, ‘সেখান থেকে জনি নামের একজনকে আটক করা হয়েছে। বাকি তথ্য পরে জানানো হবে।’

গ্রেনেড বাবুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁর নেতৃত্বাধীন বি কোম্পানি নামে একটি সন্ত্রাসী গ্রুপ নগরীতে একাধিক হত্যা, মাদক কারবার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। খুলনা সদর থানার তালিকায় গ্রেনেড বাবুকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া অভিযোগ রয়েছে, আটক জনি তাঁর ভাই গ্রেনেড বাবুর প্রভাব খাটিয়ে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখল করেছেন এবং সংগঠনের সদস্য না হয়েও নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন। গ্রেনেড বাবুর দাপট খাটিয়ে মোংলা বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীদের জিম্মি করে রাতারাতি শতকোটি টাকার মালিক বনে গেছেন তিনি। সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে শুরু করে মোংলাবন্দর ব্যাবহারকারীরা প্রায় দুই বছর জনি চৌধুরীর কাছে জিম্মি রয়েছেন।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে একই সময়ে হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা, সোনাডাঙ্গা থানার রনি শেখ ওরফে কাবাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। গ্রেনেড বাবুর বাড়িতেও অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অভিযানে অংশ নেওয়া যৌথ বাহিনীর একটি সূত্র দাবি করেছে, জনিকে ছাড়িয়ে নিতে বিকেল থেকেই রাজনৈতিক তদবির চলে। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বিব্রত হলেও এ বিষয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি।

এর আগে গত বছরের ৪ এপ্রিল গ্রেনেড বাবুর বাড়িতে পৃথক অভিযানে তাঁর ভাই, বাবা ও এক সহযোগীকে অস্ত্র ও নগদ অর্থসহ আটক করা হয়েছিল। তবে সে সময় গ্রেনেড বাবুকে আটক করা যায়নি।

আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন তাঁর ভাই রাব্বি চৌধুরী, বাবা জুনায়েদ চৌধুরী মিন্টু এবং সহযোগী সুষমা রানী সাহা।

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মী ঢাকাইয়া রফিককে গুলি করে হত্যা

সিটি মেডিকেলে আগুন: আহত ৭ ফায়ার ফাইটার, পুলিশের জিডি

কেডিএর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন বিএনপি নেতা মনা

খুলনা সিটি মেডিকেলে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, যোগ দিয়েছে বিজিবিও

ঘোষিত বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

খুলনায় আম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, একজনের মৃত্যু

খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত সোলার পার্ক সচলের দাবিতে ৬ সুপারিশ

খুলনায় যৌথ অভিযানে আরও ৩৪ জন গ্রেপ্তার

পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার