খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় নাশকতার মামলা হয়েছে। আজ সোমবার রাতে কেসিসির নিরাপত্তা শাখার সুপার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যার পর মামলাটি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।