খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী-১ রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রকল্প পরিচালক হওয়ার জন্য একটি মহলকে ৮৪ কোটি টাকার খালি চেক দেওয়া এবং একই কাজের জন্য দুইবার বিলের কাগজ জমা দেওয়ার অভিযোগ ওঠার পর দুদক এই তদন্তে নামে। এরই অংশ হিসেবে আজ বুধবার দুপুরে খুলনা ওয়াসায় রেজাউল করিমের কক্ষে তল্লাশি, বিভিন্ন নথিপত্র যাচাই ও তথ্য সংগ্রহ করে দুদকের একটি দল।
দুদক ও ওয়াসা সূত্রে জানা যায়, প্রকৌশলী রেজাউল ইসলামকে ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ফেজ-২-এর রুটিন দায়িত্বে প্রকল্প পরিচালক করা হয়। ২০২৫ সালে অনৈতিকভাবে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে তিনি প্রকল্প পরিচালক হন বলে অভিযোগ ওঠে। পরে তাঁকে প্রকল্পের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, ‘রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পসংশ্লিষ্ট ও অভিযোগসংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। আমি শোকজের জবাব দেব।’