খুলনার ডুমুরিয়ায় এক পল্লিচিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাটকেলপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পল্লিচিকিৎসক সাইফুল ইসলাম বাগেরহাট জেলার যাত্রাপুর গ্রামের শেখ ইকরাম উদ্দিনের ছেলে।
সাইফুলের ভাষ্য অনুযায়ী, ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সিলিং ফ্যান তৈরির একটি কারখানা রয়েছে জানিয়ে তাঁকে সেখানে কাজের প্রলোভন দেখায় একটি প্রতারক চক্র। তাদের কথায় বিশ্বাস করে তিনি বাগেরহাট থেকে ডুমুরিয়ায় আসেন। পথে আলী ও মহসীন নামের দুজন তাঁকে মোটরসাইকেলে করে গন্তব্যে নিয়ে যাচ্ছিলেন।
পাটকেলপোতা এলাকায় পৌঁছানোর আগেই কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে। পরে সাইফুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় তারা। একপর্যায়ে তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় এক ব্যক্তি সাইফুলকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। প্রথমে তাঁকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।