ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আরও একটি মেডিকেল ক্যাম্প খুলেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। আজ মঙ্গলবার নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ায় খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্পটি খোলা হয়েছে।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
কেসিসি প্রশাসক বলেন, বর্তমানে এ এলাকাটি খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস বেশি। ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এখানে আরও একটি বিনা মূল্যের চিকিৎসা শিবির স্থাপন করা হয়েছে।
কেসিসি প্রশাসক জানান, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, কেসিসি সড়ক ও ড্রেনে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। একইসঙ্গে বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান কেসিসি প্রশাসক।
এ সময় স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেন কেসিসি প্রশাসক।
উদ্বোধনী কর্মসূচীতে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, সুজানা জলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।