হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ার তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

গ্রেপ্তার বায়তুল। ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতা আব্দুস সালাম শেখের ছেলে তরিকুল ইসলাম শেখ হত্যা মামলার অন্যতম আসামি বায়তুলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পাবনার হেমায়েতপুর এলাকায় এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর বায়তুল খুলনা থেকে পালিয়ে পাবনায় চলে যায়। পরে সেখানে হেমায়েতপুরে এক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর বায়তুল হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই ও তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুর ২টার দিকে ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে তরিকুল ইসলাম শেখকে গুলি করে হত্যা করা হয়। তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে এবং উপজেলার বটতলা এলাকার বাসিন্দা।