হোম > সারা দেশ > খুলনা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে মাছ শিকার, নৌকাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনের মাছ শিকার। ছবি: আজকের পত্রিকা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে অবৈধভাবে নদী ও খালে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কলাগাছিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, আড়াই মণ বিভিন্ন প্রজাতির মাছ এবং মাছ ধরার দুটি জাল জব্দ করা হয়।

আটককৃত তিন জেলে। ছবি: আজকের পত্রিকা

আটককৃত জেলেরা হলেন মো. আবুল কাশেম (৪৫), মামুন সরদার (৩০) ও ইসরাফিল সরদার (৪৬)। তাঁদের বাড়ি খুলনার কয়রা এলাকায় বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া নদীর বাদুড়ঝুলির মুখ এলাকার একটি খালে নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন বনরক্ষীরা। এ সময় অবৈধভাবে অবস্থান করা একটি ডিঙি নৌকা জব্দ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার করা হয় আড়াই মণ বিভিন্ন প্রজাতির সাদা মাছ এবং মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ জানান, কলাগাছিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করা তিন জেলেকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবনে বন অপরাধ নিয়ন্ত্রণে আমাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।