হোম > সারা দেশ > খুলনা

চাঁদার দাবিতে হুমকির পর রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রেস্তোরাঁটিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

খুলনায় ৩০ লাখ টাকা চাঁদা দাবির হুমকির পর বন্ধ রাখা একটি রেস্তোরাঁ পুলিশের আশ্বাসে চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গুলির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে নগরের সোনাডাঙ্গা থানার গাজী মেডিকেল কলেজের সামনে পালংকি রেস্তোরাঁ লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ রেস্তোরাঁটিতে নিরাপত্তা জোরদার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানি’র বাহিনীপ্রধান গ্রেনেড বাবুর পরিচয় দিয়ে রেস্তোরাঁর মালিক আশিকুর রহমান আশিকের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ ওই টাকা দিতে অপারগতা জানালে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে মালিকপক্ষ রেস্তোরাঁ বন্ধ করে বাড়িতে চলে যায়।

সোনাডাঙ্গা থানার পুলিশ আজ মঙ্গলবার সকালে মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্তোরাঁটি খুলে দেয়। পুলিশ কর্মীদের ফোন করে কর্মস্থলে আসার অনুরোধও জানায় বলে রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি।

রেস্তোরাঁ চালুর কয়েক ঘণ্টা পর বিকেলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রেস্তোরাঁ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানান মালিক আশিকুর রহমান আশিক। একটি গুলি রেস্তোরাঁর কাচ ভেদ করে বেরিয়ে গেলেও কেউ আহত হয়নি।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, গুলির ঘটনার কিছুক্ষণ পর মুঠোফোনে ফোন করে বলা হয়, ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।’ ঘটনায় মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আতঙ্কে রয়েছেন।

রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগ, চালুর পর থেকেই ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি ফোনে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার দাবিতে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্তোরাঁটি বন্ধ রাখতে বাধ্য হন তাঁরা।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সন্ধ্যায় বলেন, গুলির ঘটনার কথা তাঁরা শুনেছেন। রেস্তোরাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার পপি বিকেলে বলেন, পালংকি নামের একটি রেস্তোরাঁয় গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে।

পুলিশের যৌথ অভিযানের মধ্যেই প্রকাশ্যে গুলির এ ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে প্রশ্ন উঠেছে।

গত এক মাসে চাঁদার দাবিতে দুটি ক্লিনিকসহ চারটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। সন্ধানীর সোনাডাঙ্গা শাখা, চয়নিকা ফার্মেসি ও মল্লিক ফার্মেসিতে হুমকির অভিযোগও রয়েছে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, চারটি প্রতিষ্ঠানে ভাঙচুরের ভিডিওতে ২২ থেকে ২৫ জন যুবককে দেখা গেলেও গ্রেপ্তার হয়েছেন দুজন। চাঁদার টাকা আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ভাই শাহরিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি। ব্র্যাকের কাছে চাঁদা দাবি ও অন্যান্য ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ।

গত ২৪ অক্টোবর রাতে নগরের সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়াতে সেখানে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ভিডিওতে মুখোশধারী সাত থেকে আটজন যুবককে দেখা যায়।

ভুক্তভোগীরা মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মোস্তফা কাজী আলম হিরা, তানভীর হাসান মারুফ, ফাহিম ও মাহিম হাওলাদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করে। পুলিশ হিরা ও মারুফকে গ্রেপ্তার করেছে। আরও পাঁচজনকে শনাক্ত করা হলেও তাঁদের গ্রেপ্তার করা যায়নি।

পরদিন ২৫ অক্টোবর সোনাডাঙ্গায় সন্ধানী ক্লিনিকের আরেক শাখায় অস্ত্র নিয়ে মহড়া ও চিকিৎসক-কর্মীদের হুমকির অভিযোগ ওঠে। পুলিশ ভিডিও সংগ্রহ করলেও এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় অভিযোগ না দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

৭ নভেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে নগরের খানজাহান আলী রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভিডিওতে পাঁচজন যুবককে দেখা যায়। তাঁদের মধ্যে চারজনকে শনাক্ত করেছে পুলিশ।

টুটপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের ভাই শাহরিয়ার ইসলাম রকিকে এসআরবি গ্রেপ্তার করেছে। সবুজ নামের আরেকজনকে অন্য মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৮ অক্টোবর সন্ধ্যায় নগরের আহসান আহমেদ রোডের একটি চীনা রেস্তোরাঁয় পাঁচজন যুবক হামলা চালান বলে অভিযোগ। ভিডিও দেখে তাঁদের শনাক্ত করা যায়নি। ভুক্তভোগী এ ঘটনায় মামলা করেননি।

টুটপাড়ার চয়নিকা ফার্মেসিতে নুর আজিম মোটা অঙ্কের চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। অব্যাহত হুমকির মুখে নিরাপত্তার কারণে মালিকপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। ১০ নভেম্বর রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ফার্মেসিতে আশিক বাহিনীর প্রধান আশিক চাঁদা দাবি করেন বলে অভিযোগ। হুমকির কারণে ওই প্রতিষ্ঠানও বন্ধ করে দেন মালিকপক্ষ।

খানজাহান আলী রোডের এক ইলেকট্রনিকস ব্যবসায়ীকেও চাঁদার দাবিতে হুমকি দেওয়া হলে তিনি দোকান বন্ধ করে দেন বলে জানা গেছে।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব আইনজীবী বাবুল হাওলাদার বলেন, খুলনার পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কতিপয় অদক্ষ পুলিশ কর্মকর্তা যোগ দেওয়ার পর থেকেই খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে তিনি দাবি করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। শিগগির তাঁদের গ্রেপ্তার করা হবে বলে আশা করছেন তিনি।

অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা না হওয়ায় আসামিদের গ্রেপ্তার করা যায়নি বলে জানান লোকমান হোসেন। তবে অন্যদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

চাঁদার দাবিতে হুমকির শিকার প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশের উপস্থিতিতে প্রতিষ্ঠানগুলো আবার চালু হয়েছে। মালিকেরা মামলা না করলেও আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।