হোম > সারা দেশ > খুলনা

কুয়েটে কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, চোখে আঘাত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আহত শিক্ষার্থী নাজমুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিভাগের এক বন্ধুর সঙ্গে কথা-কাটাকাটির জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নাজমুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আবাসিক হলের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। এতে তাঁর বাম চোখ গুরুতর আহত হয়েছে। রক্তক্ষরণ হওয়ায় তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নাজমুল কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী।

নাজমুলের অভিযোগ, ল্যাবে বিভাগের এক বন্ধুর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জেরে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তাঁর কক্ষে গিয়ে তাঁকে মারধর করেন।

মারধরের একপর্যায়ে বাম চোখে ঘুষি মারা হলে চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। আঘাতে তিনি মেঝেতে পড়ে গেলেও জ্ঞান হারাননি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের শিক্ষার্থী হাসান তৌফিকের সঙ্গে নাজমুলের বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পরে হাসান তৌফিক নাজমুলের কক্ষে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন এবং তাঁকে ‘সরি’ বলতে বলেন।

নাজমুল তখন কক্ষের দরজা না খুলে নামাজ পড়ছিলেন। একপর্যায়ে কয়েকজন সেখানে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। নাজমুলের রুমমেট মাহিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

মাহিন সবাইকে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে চলে যেতে বলেন। কিন্তু এর মধ্যেই কয়েকজন কক্ষের ভেতরে প্রবেশ করেন। কথাবার্তার একপর্যায়ে তাঁরা নাজমুলকে মারধর শুরু করেন।

রুমমেট ও অন্য শিক্ষার্থীরা পরে নাজমুলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি কক্ষে ফিরলেও চোখের আঘাত নিয়ে উদ্বেগ দেখা দেয়। চোখের ভেতরে কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাঁকে খুলনায় নেওয়া হয়।

লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ কার্যালয়ের উপপরিচালক রাজন কুমার রাহা বলেন, তিনি নাজমুলকে দেখতে গিয়েছিলেন। তাঁর চোখের পাতার ওপর কয়েকটি স্থানে কেটে গেছে। চোখের ভেতরে কোনো আঘাত লেগেছে কি না, তা পরীক্ষা করতে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

ঘটনার আগে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান রাজন কুমার রাহা। তিনি বলেন, বিকেলে বিভাগীয় প্রধান দুজনের বিরোধের বিষয়টি জানতে পেরে তাঁদের ডেকেছিলেন। পরদিন বিষয়টি দেখে সমাধানের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে কথা বলার আগেই তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন।

রাজন কুমার রাহা বলেন, এ ঘটনায় ছাত্রকল্যাণ দপ্তরে (ডিএসডব্লিউ) অভিযোগ জানাতে বলা হয়েছে। তিনিও বিষয়টি ডিএসডব্লিউকে জানিয়েছেন।

লালন শাহ হলের প্রভোস্ট শরিফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বাইরে আছেন। এ বিষয়ে ছাত্রবিষয়ক পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন তিনি।