খুলনা নগরীতে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সোনাডাঙ্গা থানা-পুলিশ নগরীর করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। তিনি হোসাইন রশিদ খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রাখেন। বুধবার পরিবারের সদস্যরা দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এরপর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় একজন বিউটিশিয়ান।
ওসি বলেন, মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরে বুধবার দুপুরে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।