বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল: সিজন-১’ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (কেইউআরএস) উদ্যোগে আয়োজিত এ ফেস্টিভ্যালের শেষ দিনে শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ফরমাল সেশন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করতে হবে। এ ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই।’
সম্প্রতি অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস সফরের অভিজ্ঞতা তুলে ধরে উপাচার্য বলেন, উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার জন্য যে সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ রয়েছে, তা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সুযোগ কাজে লাগিয়ে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন, কেইউআরএসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইয়াছিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি চয়ন বক্সী।
দ্বিতীয় দিনের ফরমাল সেশন শেষে ‘DAAD Scholarship’-এর আবেদন নির্দেশিকা ও প্রস্তুতির কৌশল নিয়ে আলোচনা করেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রবিষয়ক পরিচালক।
এ ছাড়া ‘MEXT Scholarship’ নিয়ে আবেদন নির্দেশিকা ও প্রস্তুতির কৌশল তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।
দুই দিনব্যাপী এ ফেস্টিভ্যালে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশের স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি ও প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নেন।