হোম > সারা দেশ > খুলনা

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভ ও বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: সংগৃহীত

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ফাহাদ হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে নগরীর শিববাড়ী মোড় থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বোতলভর্তি পেট্রল ও কিছু পটকাজাতীয় বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে তিন যুবক একটি মোটরসাইকেলে করে শিববাড়ী মোড়ে আসেন। তাঁদের মধ্যে একজন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাঁকে তল্লাশি করেন। এ সময় তাঁর কাছ থেকে পেট্রলভর্তি বোতল ও পটকাজাতীয় বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় দুপুরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং বিকেলে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন ছিলেন। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। তাঁদের পরিচয় জানতে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একটি বোতলে পেট্রল ভরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।