হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়। ছবি: আজকের পত্রিকা

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়নের রাহা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৮) ও তাঁর স্ত্রী হান্না সরকার (৪৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্বপন কুমার রায় ও তাঁর স্ত্রী মোটরসাইকেলে করে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা হয়েছে।