হোম > সারা দেশ > খুলনা

কেসিসির স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনা সিটি করপোরেশনের স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। আজ বুধবার সকালে ২৭ নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ মশারি বিতরণ করেন।

এ সময় কেসিসি প্রশাসক বলেন, ‘ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে সড়কসংলগ্ন বড় বড় ড্রেনগুলোতে মশার উপস্থিতি নেই বললেই চলে। বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন করতে পারলেই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে।’

মশারি বিতরণকালে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু ও মাজেদা খাতুন, শীতলা বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুজিত সাহা ও সেক্রেটারি বিজয় ঘোষ প্রমুখ।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় নগরীতে নারীদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা প্রদান, মা ও শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, প্রতিবন্ধী শিশুদের সহায়তাসহ বিভিন্ন সেবামূলক কাজ বাস্তবায়ন করছে।

সংস্থাটি ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশারি বিতরণ কার্যক্রম চালাচ্ছে। গতকাল মঙ্গলবারও নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের খ্রিষ্টানপল্লি ও ঋষিপল্লিতে মশারি বিতরণ করেছে।