হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনার রূপসায় আইচগাতী এলাকার ঠান্ডার বাগান থেকে জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে (৪০) রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি রাজাপুর এলাকার অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মৃত আবুল কালামের ছেলে।

আজ সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর ভ্রাতৃমঞ্চের সামনে থেকে রবিউল ইসলাম রবিকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।

পরে পপুলার জুটমিলের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে রাতে স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আইচগাতী এলাকার ঠান্ডার বাগান থেকে তাঁকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা রবিউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ‘অপহরণের বিষয়ে খবর পেয়েছি। কী কারণে অপহরণ করা হয়েছে, বিষয়টি তদন্ত চলছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টায় কাজ করছে পুলিশ।’