খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। এ সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার খুলনার জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানায় খুলনা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
‘খুলনাস্থ সাধারণ কেমিস্টবৃন্দের’ ব্যানারে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি, খানজাহান আলী রোডের মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করছে সন্ত্রাসী ও চাঁদাবাজেরা। একই সঙ্গে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এ কারণে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ধর্মঘটে যাওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, গত ৮ নভেম্বর খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। এ ঘটনার পর মল্লিক ব্রাদার্স অ্যান্ড ফার্মেসি ভবনে থাকা কয়েকটি প্রতিষ্ঠান চার দিন ধরে বন্ধ রয়েছে। একই কারণে গত ২৮ অক্টোবর থেকে বন্ধ রয়েছে টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি।
এ ছাড়া চাঁদা না পেয়ে গত ৭ নভেম্বর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। ৩ নভেম্বর নগরের আবদুল্লাহ প্যাথলজিতেও হামলা চালায় দুর্বৃত্তরা। গত ৮ নভেম্বর রাতে খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজের ডেপুটি ডিরেক্টর সুজাত আহমেদকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
অন্যদিকে খানজাহান আলী রোডের মেসার্স জাহিদ ইলেকট্রনিকস নামের প্রতিষ্ঠানেও চাঁদা দাবি করা হয়েছে। এ কারণে ৯ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির এক নেতা বলেন, নিরাপত্তার কারণে তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি করেননি। পত্রিকায় নাম ও ছবি প্রকাশিত হলে সন্ত্রাসী-চাঁদাবাজদের হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাই গোপনীয়তা বজায় রেখে দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। এর অনুলিপি বিভাগীয় কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা সাড়া দেননি।