খুলনার পূর্ব রূপসার আইয়ুব আলী হত্যা মামলার পলাতক আসামি মো. কামাল হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার অপর আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ইয়াছিন আলী।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আসামি কামাল মোবাইলফোনের মাধ্যমে ভুক্তভোগী আইয়ুব আলীকে রূপসা উপজেলার বাগমারা চরবাড়ি থেকে ডেকে নেন। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভাইয়ের সন্ধানে থানায় জিডি করেন শুকুর আলী। পরবর্তীতে আইয়ুব আলীর লাশ শাহানাজ সি ফুডের পেছনে ভেড়ির পাশে কাদা দিয়ে ঢেকে রাখেন আসামিরা। এ ঘটনায় ৮ জানুয়ারি শুকুর আলী ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ১ জুলাই তদন্ত কর্মকর্তা এসআই আজমল হুদা ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।