হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা। ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার দুপুরে নগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় এসব ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক মাদক কারবারির স্ত্রী ও ভাইসহ চারজনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বি কে মেইন রোড সংলগ্ন বড় মসজিদের পাশের ‘মা টেলিকম’ ও পার্শ্ববর্তী ‘আলতাফ স্টোর’ নামের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, বি কে মেইন রোডের ইসমাইল মঞ্জিলের বাসিন্দা ও চিহ্নিত মাদক কারবারি পরাগ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের কেনাবেচা ও আসর চালিয়ে আসছিলেন। তাঁর কাছ থেকে মাদক কিনতে আসা ব্যক্তিরাই এলাকায় নিয়মিত চুরি, ছিনতাইসহ নানা অসামাজিক কর্মকাণ্ড ঘটাচ্ছে।

খুলনায় মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর মিছিল। ছবি: সংগৃহীত

দোকানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে এলাকাবাসী পরাগের বাড়ি ‘ইসমাইল মঞ্জিল’ ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জনতা পরাগের স্ত্রী ও তাঁর ভাই সৌরভকে পুলিশের হাতে তুলে দেয়।

এর পরপরই বিক্ষুব্ধ জনতা মৌলভীপাড়া সুলতান আহমেদ রোডের সাহেব আলী মোড় এলাকায় অবস্থিত অপর চিহ্নিত মাদক কারবারি জ্যোতির বাড়িতে হামলা চালিয়ে জানালার থাই গ্লাস ভাঙচুর করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়ায় চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনায় দাঁড়িয়েছে। তারা অবিলম্বে এলাকাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে। তবে রাত পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের হয়নি।