হোম > সারা দেশ > খুলনা

খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও তালিকাভুক্ত সন্ত্রাসী আজম শেখ। ছবি: সংগৃহীত

খুলনার আলোচিত বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও তালিকাভুক্ত সন্ত্রাসী আজম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রোববার দিবাগত রাতে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজি ও চুরিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তার আজম শেখ খুলনা নগরীর দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৬ ও এসআরবি-১-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম শেখকে গ্রেপ্তার করা হয়।

নিস্তার আহমেদ আরও জানান, গ্রেপ্তার আজমের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় ছয়টি মাদক, চারটি হত্যাচেষ্টা, দুটি চাঁদাবাজি ও একটি চুরির মামলা রয়েছে।

গ্রেপ্তারের পরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজম শেখকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।