খুলনার হরিণটানা থানার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ দল। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরবি-৬ ও বিজিবি-২১ ব্যাটালিয়নের যৌথ দল জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালায়। এ সময় বাসে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
নিস্তার আহমেদ আরও জানান, বিধি অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আইস হরিণটানা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হবে।