হোম > সারা দেশ > খুলনা

খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ নূর আজিমের ভাই রকি মাদারীপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরের ডিসি রোড এলাকায় এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের মৃত শাহজাহানের ছেলে। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-৬ এর মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শিবচরের ডিসি রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করা হয়। পরে কড়া পাহারায় রাতে তাঁকে খুলনায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সৈয়দ ফজলুর রহমান আরও জানান, সম্প্রতি খুলনা নগরের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই হামলায় নূর আজিম বাহিনীর নাম উঠে এসেছে। এ ছাড়া বাহিনীটির বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নূর আজিম বাহিনীসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।