খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকায় কাজীবাছা নদীর তীর থেকে ইয়াতুল ইসলাম (৮) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। নিহত ইয়াতুল ইসলামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বিষ্টুপুর গ্রামে।
আজ শনিবার সকালে স্থানীয়রা নদীর তীরে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বটিয়াঘাটা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে কালিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইয়াতুল। ধারণা করা হচ্ছে, নদীর তীব্র স্রোতে ভেসে তার মরদেহ কাজীবাছা নদী হয়ে বটিয়াঘাটার তেঁতুলতলা এলাকায় চলে আসে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে কাজীবাছা নদী ও তেঁতুলতলা এলাকায় এর আগেও একাধিক অজ্ঞাতনামা ও ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।