বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, জিয়া নামটি পবিত্র নাম। এ নামটি জাতির ভাগ্যের সঙ্গে জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন বলে জাতি একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছে।
আজ শনিবার বেলা ৩টার দিকে বিভাগীয় কমিশনার মিলনায়তনে জিয়া মঞ্চ খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, একটি রাজনৈতিক দল ৭১-এর স্বাধীনতাকে বাদ দিয়ে ৩৬ জুলাই স্বাধীনতা দিবস ঘোষণা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৪ ছাত্রজনতার আন্দোলনের গণ-অভ্যুত্থান ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের লড়াই-সংগ্রামের ফসল।
বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবদ্দশায় কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত যেহেতু তারেক রহমানের ধমনীতে প্রবাহিত, সেহেতু রাষ্ট্রনায়ক তারেক রহমান কখনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না।
বুলু আরও বলেন, ড. ইউনূস দুর্নীতিতে শেখ হাসিনাকে ছাড়িয়ে গেছেন।
সম্মেলনে উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (টিম প্রধান, খুলনা বিভাগ) সালেহ আহমেদ কাঞ্চন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোৎস্না খাতুন জ্যোতি, জিয়া মঞ্চ খুলনা মহানগর আহ্বায়ক মীর মো. আলী এহসান, জিয়া মঞ্চ খুলনা জেলা আহ্বায়ক মো. শরিফুল ইসলামস অনেকে।