হোম > সারা দেশ > খুলনা

খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, নারী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনা নগরীতে হোটেল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সোহেল রানা লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে। এ ঘটনায় ফাতেমা নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া নেন। তাঁদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে বাবুকে ফাতেমা শ্বাস রোধ করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং ফাতেমাকে থানা হেফাজতে নেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বাবুর আগে একজন স্ত্রী রয়েছেন। তিনি ঢাকায় থাকেন। তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। ফাতেমার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন তিনি। গতকাল রোববার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওড়না গলায় পেঁচিয়ে বাবুর শ্বাস রোধ করেন বলে ফাতেমা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন।

ফাতেমাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।