খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয় লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ঘটনার সময় কতজন সেখানে ছিল, তা নিশ্চিত করতে পারেনি তারা।
বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন রিপন বলেন, ‘বোমা নিক্ষেপের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কাজ চলছে।’