হোম > সারা দেশ > খুলনা

বাড়ি ফেরার দুই দিনের মাথায় একাধিক মামলার আসামি দুর্বৃত্তদের গুলিতে খুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাপ্পি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা বাপ্পি গত শুক্রবার বাড়ি আসেন। আজ ভোরে মোমিনবাগ এলাকার একটি মাছের ঘেরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার তদন্ত কর্মকর্তা আব্দুস সবুর খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজ ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দুর্বৃত্তরা বাপ্পিকে হত্যা করে ঘেরে ফেলে রেখে যায়। নিহতের ঘাড়ে গুলির আঘাত এবং মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে আজ বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুখ জানান, ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।

পুলিশ সুপার আরও বলেন, বাপ্পির বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে, দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।