পাটশ্রমিক জলিল মুন্সি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর এ মামলার অন্যতম আসামি দৌলতপুর এলাকার পেচি রাসেলের বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। আগুনে বাড়ির তিনটি কক্ষে থাকা সব মালামাল পুড়ে গেছে।
আজ রোববার দুপুরে আগুন দেওয়া হয়। এ সময় ওই বাড়িতে কেউ ছিল না।
এদিকে ঘটনার দুদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ হত্যায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একদিন পর নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এতে তিনি তিনজন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে আরও ৪-৫ জন ব্যক্তিকে আসামি করেন। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের মধ্যে একধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দৌলতপুর ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর কুলিবাগান রেলগেটের অদূরে একটি অফিসের সামনে জলিল আসলে তিনজন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে গুলি করে পালিয়ে যায়।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। সার্বিক বিষয় সামনে রেখে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।