হোম > সারা দেশ > খুলনা

কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু, বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

নজরুল ইসলাম মঞ্জু। ছবি: আজকের পত্রিকা

আগামীকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নগরীর উন্নয়নের স্টেক হোল্ডার ও রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এই নেতা। বৈঠকে নাগরিকদের মতামত নিয়ে কাজ শুরু করবেন বলে তাঁর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।

জানতে চাইলে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুলনা সিটি করপোরেশনে অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে। নগরবাসীকে সঙ্গে নিয়েই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।’

কেসিসি সূত্র জানায়, অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও অংশগ্রহণমূলক করতে নানা প্রস্তুতি শুরু করেছে কেসিসি। ইতিমধ্যে ৫ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। নগর ভবনের তিনটি পৃথক ভেন্যুতে অতিথিরা আসন গ্রহণ করবেন।

কেসিসি থেকে জানা গেছে, নবনিযুক্ত প্রশাসকের নির্দেশনায় আমন্ত্রিতদের তালিকা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত খুলনার ছয়টি আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, সরকারি দপ্তরগুলো প্রধান, নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সরকারি সেবা দাতা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক-শিক্ষক-আইনজীবী ও সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, নগর পরিকল্পনাবিদ, এনজিও প্রধান, পরিবেশকর্মী, বিভিন্ন নাগরিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দৈনন্দিন কাজে যারা নগরবাসীর সঙ্গী রিকশাচালক, ইজিবাইকচালক ও শ্রমিকদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, বিদায়ী ও বর্তমান প্রশাসক আলোচনা করে আগামীকাল রোববার দুপুরে দায়িত্ব হস্তান্তরের দিন নির্ধারণ করা হয়েছে। নতুন প্রশাসকের আগমন উপলক্ষে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। আমন্ত্রণ কার্ড সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ জানান, রোববার বেলা ২টা ১৫ মিনিটে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। নগর ভবনের তৃতীয় তলায় অবস্থিত শহীদ আলতাফ মিলনায়তন ও জিআইজেড সভাকক্ষে আমন্ত্রিতরা বসবেন। পাশাপাশি নিচতলায় এলইডি ডিসপ্লে স্থাপনা করা হয়েছে। সেখানে নগরীর উন্নয়নের স্টেক হোল্ডার ও রাজনৈতিক নেতা-কর্মীরা বসবেন। নবনিযুক্ত প্রশাসক আগে নিচতলায় গিয়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তৃতীয় তলায় যাবেন।

২৩ ফেব্রুয়ারি খুলনা সিটি প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয় সরকার। শারীরিকভাবে অসুস্থ থাকায় বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় চিকিৎসা নিয়েছেন তিনি। আজ শনিবার রাতেই তিনি খুলনায় ফিরবেন বলে জানা গেছে।

সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ মার্চ

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রমজানে বাজারে আগুন, গাংনীতে ৯০ টাকা কেজি তরমুজ

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

৪৮ ঘণ্টায় খোঁজ মেলেনি খুলনার সাবেক এমপির জামাতার

মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

নির্বাচনে অনিয়ম ও সহিংসতায় মানুষের স্বপ্ন শেষ: গোলাম পরওয়ার