হোম > সারা দেশ > খুলনা

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

দেশের বাজারে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকার পরও দেশের বাজারে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী।

আজ সোমবার বিকেলে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের রক্ষা করতেই বারবার জনগণের ওপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে এই গণবিরোধী ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন: মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি রাকিব হাসান, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ প্রমুখ।