খুলনায় কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম হত্যাকাণ্ডে পুলিশ দুজনকে আটক করেছে। পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে খুলনার শীর্ষ সন্ত্রাসী হুমায়ুন কবির হুমার নাম উঠে এসেছে। তিনটি কারণ সামনে রেখে তদন্ত চলছে।
এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোনো মামলা করেনি। আজ বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হালিমের মরদেহ হস্তান্তর করে পুলিশ। আসরের নামাজের পর জানাজা শেষে বাড়ির পাশে উত্তর দেয়ানা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে আব্দুল হালিম দৌলতপুর কল্পতরু মার্কেট থেকে বাড়ি ফেরার পথে এনজিও টিএমএসএসের কার্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পাঁচটি গুলি করে। এর মধ্যে দুটি বুকে, একটি ডান চোখের পাশে ও একটি গুলি হাতে বিদ্ধ হয়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
একাধিক গোয়েন্দা সংস্থা ও স্থানীয় বাসিন্দারা জানায়, হালিম শীর্ষ চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিভাগীয় প্রধান গাজী কামরুলের ঘের ও ব্যবসা দেখাশোনা করতেন। চব্বিশের অভ্যুত্থানের পর তাঁকে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়। তিনি গাজী কামরুলের খুব কাছের একজন মানুষ ছিলেন। গাজী বাড়ির অনেকেই তাঁর কারণে বিবিধ সুযোগ পেতেন না। এ কারণে অনেকেই তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন।
সূত্রটি আরও জানায়, হালিম একসময়ে স্থানীয় কাউন্সিলর টিপুর সহযোগী ছিলেন। তাঁর হয়ে বিভিন্ন স্থানে অপরাধমূলক কাজ করেছেন। নিহত ব্যক্তি এক মাঝি হয়ে দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেছেন। এটি তাঁর জীবনের বড় কাল বলে সূত্রটি দাবি করে। গত বছরে কক্সবাজারের কাউন্সিলর টিপু খুন হওয়ার পর খুনিরা হালিমকে টার্গেটে রেখেছিলেন।
সূত্রটি আরও জানায়, দুই দিন আগে মানিক ও ইকরামকে ডেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী হুমায়ুন কবির হুমার সঙ্গে যোগাযোগ করার এবং তাঁকে মোটরসাইকেল উপহার দেওয়ার কারণ জানতে চান হালিম। এ খবর হুমার কাছে চলে যায়। যার কারণে হুমা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর গতকাল সন্ধ্যায় মানিক ও ইকরামের সঙ্গে মোটরসাইকেলে বাইরে যান। কল্পতরু মার্কেটে কিছুক্ষণ অবস্থান করার পর রাত সোয়া ৮টার দিকে ওই দুজনকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে রুকাইয়া অয়েল মিল পার হওয়ার পর টিএমএসএস কার্যালয়ের কাছে আসামাত্র দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় কেউ এখনো মামলা করেননি। জিজ্ঞাসাবাদের জন্য মানিক ও ইকরামকে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।
ওসি আরও বলেন, তবে তিনটি কারণ সামনে রেখে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে ঘেরের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
খুলনা মেট্রোপলিটনের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তর অমিত কুমার বর্মণ বলেন, ‘আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। বিভিন্ন তথ্য-উপাত্ত আমাদের কাছে আসছে, সেগুলো যাচাই-বাছাই করছি।’
এদিকে নিহত হালিমের বড় ছেলে বিএল কলেজের অনার্সের শিক্ষার্থী সাব্বির হোসেন রাব্বি বলেন, ‘বাবার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব ছিল না। বাবার মরদেহ আসরের পর দৌলতপুর কৃষি কলেজের সামনে কবরস্থানে দাফন করা হয়েছে।’
নিহত হালিমের ভাগনে রুবেল শেখ বলেন, তিনি ঘের ও ঠিকাদারি ব্যবসা করতেন। তাঁর নামে এলাকায় কোনো অভিযোগ নেই।