হোম > সারা দেশ > খুলনা

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ১২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ শিক্ষার্থী স্থান পেয়েছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোনীত ১২ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের ছয়জন, ২০২০ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২১ শিক্ষাবর্ষের একজন রয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন—বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ ৩.৯৬), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (৩.৭৫), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (৩.৯৫), চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাস্সুম ইমা (৩.৮১), কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (৩.৫০) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (৩.৮৯)।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীতরা হলেন—বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপ্লিনের মো. মেহেদী হাসান রাসেল (৩.৯৪), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের আলমগীর হোসেন (৩.৯৩), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের প্রত্যাশা শিকদার (৩.৯৫), কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের টি এম রাফাত রহমান (৩.৫২) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সুদীপ্ত দেবনাথ (৩.৯৪)।

২০২১ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের তানাজ কবির (৩.৬৭)।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। ইউজিসি ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করে আসছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের উল্লেখযোগ্য স্বীকৃতি। তাঁদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন, জ্ঞানচর্চা ও গবেষণায় অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।