হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ক্যারম খেলার আসর লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজারে ক্যারম খেলার আসর লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের স্লুইসগেটের পূর্ব পাশে পান্নুর চায়ের দোকানের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানটির পাশে বিএনপির কয়েকজন নেতা-কর্মী ক্যারম খেলছিলেন। এ সময় খুলনার দিক থেকে মোটরসাইকেলে হেলমেট পরা তিন যুবক সেখানে আসেন। তাঁরা ক্যারম খেলায় অংশ নেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে প্রথমে এক রাউন্ড গুলি ছোড়েন, তবে লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর দুর্বৃত্তরা আরও তিন রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনাস্থল ছাড়ার সময় তারা ফাঁকা জায়গায় আরও দুই রাউন্ড গুলি ছোড়ে। সব মিলিয়ে ছয় রাউন্ড গুলির শব্দে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় উদ্বেগ।

তবে কারা ও কী কারণে এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মোট ছয় রাউন্ড গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।