হোম > সারা দেশ > খুলনা

ফেনসিডিলের মামলায় দুই আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

ফেনসিডিলের মামলায় খুলনার একটি আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সদর থানা এলাকার সিরাজ খাঁ ও পুলিশ লাইনস পশ্চিম গলির হারুন অর রশিদ। দণ্ডপ্রাপ্ত আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতের সূত্র জানায়, ২০১৯ সালের ২৯ এপ্রিল ভোর ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুজন মাদক কারবারি মিষ্টির প্যাকেটে ফেনসিডিল নিয়ে জেলখানা ঘাট পার হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ সেনের বাজারে অবস্থান নেয়।

ভোর ৫টা ২০ মিনিটের দিকে ঘাট থেকে পার হয়ে আসা দুজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের হাতে থাকা নেটের ব্যাগে ঝোলানো মিষ্টির প্যাকেট তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী ওই দুজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেন।

এ ঘটনায় একই বছরের ২৫ জুন তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মো. লায়েকুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে তিনি সিরাজ খাঁ ও হারুন অর রশিদের নাম উল্লেখ করেন।