হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ইজিবাইকচালককে হত্যায় ‘আরমান বাহিনী’র হোসেন ঢালী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

হত্যা মামলার সন্দেহভাজন আসামি ‘আরমান বাহিনী’র সক্রিয় সদস্য হোসেন ঢালী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুরে ইজিবাইকচালক মনিরুল ইসলাম রনি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ‘আরমান বাহিনী’র সক্রিয় সদস্য হোসেন ঢালীকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ ও ১২-এর যৌথ অভিযানিক দল। আজ সোমবার সন্ধ্যায় জেলার উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হোসেন ঢালী খুলনা নগরের তেলীগাতি এলাকার তরিকুল ঢালীর ছেলে।

এসআরবি-৬ অধিনায়ক নিস্তার আহমেদ জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ দলটি বাঁখুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রনি হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হোসেন ঢালীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম রনি পেশায় ইজিবাইকচালক ছিলেন। গত ২৩ আগস্ট তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

এর তিন দিন পর, ২৬ আগস্ট দৌলতপুর থানার মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে রনির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রনির মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।