হোম > সারা দেশ > খুলনা

বিয়ের এক মাস পর শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

বিয়ের এক মাস না পেরোতেই শ্বশুরবাড়ি থেকে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। খালিদ হাসান কয়রা সদর ইউনিয়নের ৩ নম্বর কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনকে খালিদ হাসান বিয়ে করেন। গতকাল শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন।

রাত সাড়ে ১০টার দিকে সানজিদা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি স্বামীকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খালিদকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে কয়রা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ শনিবার বেলা ১১টার দিকে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।