যশোরের চৌগাছায় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাতার মেহগনির ডালের আঘাতে মোতালেব হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয়।
নিহত মোতালেব হোসেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর বড় জামাই আনোয়ার হোসেন (৩৫) একই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আনসার আলীর ছেলে।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন শিকদার গ্রামবাসীর বরাত দিয়ে জানান, আজ মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে সকাল ৭টার দিকে বড় মেয়েকে আনতে জামাতা আনোয়ারের বাড়িতে যান তিনি।
সেখানে গিয়ে দেখেন, বাবার বাড়িতে যাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর বড় মেয়েকে মেহগনির ডাল দিয়ে মারধর করছেন আনোয়ার। এ সময় মোতালেব প্রতিবাদ করলে শ্বশুর-জামাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আনোয়ার হাতে থাকা ডাল দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে উঠানে পড়ে যান।
পরে গ্রামবাসীর সহযোগিতায় মোতালেবকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন শিকদার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুঠোফোনে বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।